সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নামে একটি মন্তব্য সম্বলিত ফটোকার্ড প্রচার করা হয়েছে। ফটোকার্ডটিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, “বিএনপিকে কেউ চাঁদাবাজ দল বললে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
একই ফটোকার্ড সম্বলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে অনুসন্ধানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উক্ত মন্তব্যের কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তার অফিসিয়াল ফেসবুক পেজ, বিএনপির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের নির্ভরযোগ্য সংবাদমাধ্যমগুলোতেও ফটোকার্ডে প্রচারিত বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
ফটোকার্ডে প্রচারিত বক্তব্যের সঙ্গে গত ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদের দেওয়া বক্তব্যের মিল পাওয়া যায়। ওই সময় তিনি বলেছিলেন, “বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার জনগণ করবে।”
এর আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় একটি আবাসন প্রকল্পে হামলা ও ভাঙচুরের ঘটনার পর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে দাবি করেন, দলীয় পরিচয় দিয়ে তার কাছে চাঁদা চাওয়া হয়েছিল। তবে পরদিন গণমাধ্যমের সামনে সালমান মুক্তাদির স্পষ্ট করেন যে, তার কাছে সরাসরি কেউ চাঁদা চাননি।
এর পরিপ্রেক্ষিতে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সালমান মুক্তাদির নিজেই স্বীকার করেছেন যে তার কাছে কোনো চাঁদা চাওয়া হয়নি। এরপরও সরকারকে ঢালাওভাবে দোষারোপ কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপিকে চাঁদাবাজ বলার জন্য কেউ বক্তব্য দিয়ে থাকলে তার বিচার দেশের জনগণ করবে, এমন মন্তব্যই করেন তিনি।
অন্যদিকে, অনুসন্ধানে দেখা যায়, “বিএনপিকে কেউ চাঁদাবাজ দল বললে আইনগত ব্যবস্থা নেয়া হবে” এই বক্তব্য সম্বলিত ফটোকার্ডটি প্রথমে ‘আশার আলো’ নামের একটি এন্টারটেইনিং ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়। পরবর্তীতে ফটোকার্ডটি সত্য ধরে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও ছড়িয়ে পড়ে। তবে ফটোকার্ডে ব্যবহৃত বক্তব্যের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত বক্তব্যের মিল নেই এবং দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্রও পাওয়া যায়নি।
অতএব, সালাহউদ্দিন আহমেদ “বিএনপিকে কেউ চাঁদাবাজ দল বললে আইনগত ব্যবস্থা নেয়া হবে” এমন মন্তব্য করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ফটোকার্ড প্রচার করা হয়েছে, তা ভুয়া ও বিভ্রান্তিকর। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত বক্তব্যকে বিকৃত করে তার নামে উক্ত মন্তব্যটি প্রচার করা হয়েছে।